রুয়েটে ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল আলম বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার ১০টি বিভাগে ৭২৫টি আসনের বিপরীতে পাঁচ হাজার ১৭৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
বিজ্ঞপ্তি অনুসারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হবে।
এছাড়া ‘খ’ গ্রুপের (আর্কিটেকচার বিভাগ) প্রার্থীদের জন্য অংকন পরীক্ষা একইদিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তি থেকে জানানো হয়।
পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষের জের ধরে গত ১৯ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ রয়েছে।
