২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম ৪ লেন: কাজের ধীরগতিতে অসন্তোষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতের কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 09:25 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কমিটির প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে বলা হয়েছে, মহাসড়কের অনেক স্থানে কাজ চলছে বলেই মনে হয়নি। কোনও স্থানে কাজের গতি অত্যন্ত ধীর। আবার কোথাও কোনও তৎপরতাই লক্ষ্য করা যায়নি।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।

গত ২০ অগাস্ট নেয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন করেন কমিটির সদস্য নাজমুল হক প্রধান, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান ও মনিরুল ইসলাম।

কমিটি মহাসড়কের ১০টি প্যাকেজের বাস্তবায়ন পরিদর্শন করেন।

বৈঠক শেষে কমিটির সদস্য নাজমুল হক প্রধান সাংবাদিকদের জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কমিটিকে বলেছে, তারা আগামী মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পারবে।

“কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। কারণ কমিটি সরেজমিন দেখেছে, তাদের কাজের গতি সন্তোষজনক নয়। সেজন্যই কমিটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।”

প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের কাজ ৫০-৬০ ভাগ সম্পন্ন  হলেও বাকি কাজের অগ্রগতি আশানুরূপ নয়। ইতিমধ্যে দু’দফায় প্রকল্পের সময় বাড়ানোর কারণে ব্যয় অনেক বেড়ে গেছে। এতে সরকারের ওপর আর্থিক চাপ পড়ছে।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম সিটি গেট থেকে কুমিরা বাইপাস পর্যন্ত ১৫ দশমিক ২৮৯ কিলোমিটার অংশে প্রকল্পের কার্যক্রম দেখা যায়নি। সিটি গেট এলাকায় একটি সেতুর কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে।

পঞ্চশিলা বাজার থেকে কুমিরা পর্যন্ত ১৭ দশমিক ৪২৮ কিলোমিটার অংশে মাটির কাজ বেশিরভাগ শেষ হলেও ফুলতলা ও বারআউলিয়াসহ অন্যান্য অংশে রাস্তার কাজ চালু নেই। এখানে কাজের গতি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।

মীরসরাই বাজার থেকে পঞ্চশিলা পর্যন্ত ১৮ কিলোমিটার অংশে কাজের গতি মোটামুটি সন্তোষজনক। এ অংশে একটি ফুট ওভারব্রিজ নির্মাণসহ রাস্ত ও ফুটপাত থেকে দোকান উচ্ছেদের সুপারিশ করা হয়। 

ধুমঘাট থেকে মীরসরাই বাজার পর্যন্ত ১৫ দশমিক ৬৬৭ কিলোমিটার সড়কে মাটির কাজ, সেতু /কালভার্টের কাজ শেষ হলেও রাস্তা নির্মাণ কাজের গতি মন্থর। নির্দিষ্ট সময়ে এই অংশে কাজ শেষ হবে না বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়। ঠিকাদারের ওপর চাপ সৃষ্টিরও পরামর্শ দিয়েছে কমিটি।

কমিটি বলছে, মহীপাল থেকে ধুমঘাট সেতু পর্যন্ত ১৯ দশমিক ৯১৬ কিলোমিটার সড়কে মাটির কাজ মোটামুটি সম্পন্ন হলেও মুহুরী নদীর ওপর সেতু নির্মাণ মাত্র ৭০ ভাগ শেষ হয়েছে। এ অংশে কাজের গতি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

৫ নম্বর প্যাকেজের বাতিশা থেকে মহিপাল পর্যন্ত ২০ কিলোমিটার অংশে কাজের গতি খুবই ধীর। বর্তমানে কোথাও কাজ চলছে বলে মনে হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রকল্পের এই অংশে চুক্তির শর্ত অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে চীনের ঠিকাদার কোম্পানি সিনোহাইড্রোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। 

কুমিল্লা বাইপাসের শেষাংশ থেকে বাতিশা পর্যন্ত ২০ কিলোমিটার অংশে কাজের গতি মোটামুটি সন্তোষষজনক বলে উল্লেখ করা হয়েছে। কুমিল্লা বাইপাসের শুরু থেকে শেষ পর্যন্ত ২১ কিলোমিাটর অংশে রাস্তার কাজের তেমন অগ্রগতি হয়নি। যদিও মাটি ভরাট ও সেতুর কাজ প্রায় শেষ।

কুটুম্বপুর থেকে কুমিল্লা বাইপাস পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে মাটি ভরাট ও কালভাটের্র কাজ প্রায় শেষ। তবে রাস্তা নির্মাণে ময়নামতি ও নিমসার বাজার অংশে কোনও কার্যক্রম নেই। দাউদকান্দি টোল প্লাজা থেকে কুটুম্বপুর পর্যন্ত ২২ কিলোমিটার অংশে কাজের গতিতে পরিদর্শন দল সন্তোষ প্রকাশ করেছে।

বৈঠকের কার্যপত্র থেকে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক দাবি করেছেন, নানা করণে সময়মত কাজ শুরু করা যায়নি। ২০০৬ সালে প্রকল্প গৃহীত হলেও বাস্তবে কাজ শুরু হয় ২০১০ সাল থেকে।

মন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে কমিটিকে বলেন, ১০টি প্যাকেজের মধ্যে ৭টি বিদেশি কোম্পানিকে দেওয়া বাস্তবসম্মত হয়নি।

তার মতে, তুলনামূলক দেশীয় কোম্পানির মান ও গতি সন্তোষজনক। চুক্তির শর্ত অনুযায়ী সিনোহাইড্রো কোম্পানি সড়কটি মেরামতের কথা থাকলেও তারা করেনি। ফলে বৃষ্টিতে সড়ক ক্ষতিগ্রম্ত হচ্ছে। ধীর গতির কয়েকটি প্যাকেজে দেশীয় কোম্পানিকে অন্তর্ভুক্ত করে গতি বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও কমিটিকে জানান মন্ত্রী।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা।

পুরনো খবর:

‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মেরামত করবে দেশীয় প্রতিষ্ঠান’