এলজিইডির প্রধান প্রকৌশলীকে ফের দুদকের চিঠি
মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে ফের চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার তাকে দুদকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি ‘ব্যক্তিগত কারণে’ আসতে পারেননি বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
প্রণব ভট্টচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন আগামী ২৩ অক্টোবর কমিশনে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে ওয়াহিদুর রহমানকে।
সম্প্রতি চার সচিব এবং এক যুগ্মসচিবের মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির মাধ্যমে নেওয়া বলে দুদক প্রমাণ পাওয়ার পর তাদের বিষয়ে ব্যবস্থা নিতে সরকারকে চিঠি দেওয়া হয়।
এরপর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তিন সচিব ও এক যুগ্মসচিবের সনদ বাতিলের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ ইতোমধ্যে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরা হলেন- স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।
দুদকের সুপারিশে থাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান) মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল না করে স্থগিত করা হয়েছে।
