‘স্মার্ট শহর’ হবে পূর্বাচল
ঢাকার উপকণ্ঠে পূর্বাচল সিটিকে ২০১৯ সালের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ ও ‘স্মার্ট’ শহর হিসাবে রূপান্তরে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।
এ সংক্রান্ত একটি চুক্তি করতে দুই দেশ কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন।
সফররত সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ মন্ত্রী জুলকিফলি মাসাগোসের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বুধবার সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
গৃহায়ণমন্ত্রী বলেন, “পূর্বাচলকে স্বয়ংসম্পূর্ণ শহর হিসাবে গড়তে সেখানে পানি শোধনাগার এবং পয়ঃনিস্কাশনের ব্যবস্থা করবে সিঙ্গাপুর। পূর্বাচলে আলাদা বিদ্যুৎকেন্দ্র করারও চিন্তা আছে।
“পূর্বাচলকে স্বয়ংসম্পূর্ণ ও স্মার্ট শহর হিসাবে গড়তে সিঙ্গাপুর বিভিন্ন ধরনের কারিগরি সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তাও দেবে।”
মোশাররফ হোসেন জানান, পূর্বচাল সিটিকে স্মার্ট শহর হিসাবে গড়তে জিটুজি পদ্ধতিতে সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি হবে। এই চুক্তি করতে উভয় দেশ কাজ চালিয়ে যাচ্ছে।
চুক্তির আওতায় ২০১৯ সালের মধ্যে সিঙ্গাপুর পূর্বাচলে সব কাজ শেষ করবে বলেও জানান তিনি ।
পূর্বাচল সিটিতে গ্যাস দেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, পূর্বাচল সিটিতে সিঙ্গাপুর সরকারের সহায়তায় যেসব প্ল্যান্ট স্থাপন করা হবে তার সেবা ওই শহরের জনগণকে সাশ্রয়ী দামে কিনতে হবে।
এছাড়া পূর্বাচল শহরের বিদ্যুৎ ও পানি প্রি-পেইড মিটারের মাধ্যমে ব্যবহার করতে হবে বলেও জানান পূর্তমন্ত্রী।
