ঢাকার উপকণ্ঠে শহর গড়তে আগ্রহী সিঙ্গাপুর
ঢাকার উপকণ্ঠে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে দিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।
বাংলাদেশ সফররত সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ মন্ত্রী জুলকিফলি মাসাগোস মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করে নিজ দেশের উদ্যোক্তাদের পক্ষে এই আগ্রহের কথা জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “সিঙ্গাপুর বাংলাদেশে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পূর্বাচলের কাছাকাছি একটি স্বয়ংসম্পূর্ণ আধুনিক শহর নির্মাণে আগ্রহী।”
সিঙ্গাপুরের বিনিয়োগকারীরা একক বা যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করতে চান বলে জানান তিনি।
সিঙ্গাপুরের উদ্যোক্তাদের বাংলাদেশে নির্বিঘ্নে বিনিয়োগের সুযোগ করে দিতে তাদের জন্য চট্টগ্রামের মিরসরাইতে অর্থনৈতিক অঞ্চল দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন বলে জানান শামীম চৌধুরী।
পর্যটনসহ অন্যান্য খাতে বাংলাদেশের যুবকদের প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুরের সহায়তা চেয়েছেন শেখ হাসিনা।
সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেন দেশটির মন্ত্রী।
বাংলাদেশের উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে সম্পর্কন্নোয়নের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
এক্ষেত্রে সিঙ্গাপুরের উদ্যোক্তারা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ মন্ত্রী তার দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতার প্রশংসা করেন।
সাক্ষাতকালে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পূর্তমন্ত্রী মোশাররাফ হোসেন, মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার এবং বাংলাদেশে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
