২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার: ছাত্রদল

শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচির পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কাজ করার অঙ্গীকার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 05:26 PM

Updated : 25 Apr 2022, 04:49 PM

বুধবার দুপুরে নতুন কমিটির সভাপতি রাজিব আহসান সাংবাদিকদের বলেন, “সংগঠনকে এগিয়ে নিতে দেশনেত্রী আমাদের ওপরে যে দায়িত্ব অর্পণ করেছেন, আমরা তা যথাযথভাবে পালন করব। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আন্দোলন শুরু করব আমরা।”

“একই সঙ্গে ছাত্র সমাজের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামও বেগবান করব। এই সংগ্রামে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি।”

মঙ্গলবার রাতে রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ২০১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

২০১২ সালের ৪ সেপ্টেম্বর আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে সভাপতি ও হাবিবুর রশীদ হাবিবকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের আগের কমিটি গঠন করা হয়েছিল। দুই বছর আগের ওই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন রাজিব।

নতুন কমিটির নেতাদের স্বাগত জানাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। তাদের অনেকের হাতেই ছিল ফুলের তোড়া।

এসময় পুলিশের ব্যাপক উপস্থিতিও ছিল। বেলা সাড়ে ১২টার দিকে রাজিব ও আকরামুল দলীয় কার্যালয়ের সামনে আসলে নেতা-কর্মীরা করতালি ও স্লোগান দিয়ে তাদের স্বাগত জানায়।

ভবনের তৃতীয় তলায় বিএনপির ব্রিফিং কক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক আকরামুল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজিব বলেন, “আমাদের নেত্রী ছাত্রদলের কমিটি গঠনে তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন। আমরা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচি নিয়ে এগোবো। ছাত্র সমাজের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে চাই আমরা।”

সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে গণমাধ্যমের সহযোগিতাও চান ছাত্রদলের নতুন সভাপতি।

এ সময় নতুন কমিটির সহসভাপতি আবুল মনসুর খান দীপক, নাজমূল হাসানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।