দুই সহোদরের গোড়ালি কর্তন
পূর্ব শত্রুতার জেরে পিরোজপুর সদরে দুই সহোদরের চার পায়ের গোড়ালি কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহ্ আবিদ হোসেন জানান, সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় বুধবার এই ঘটনা ঘটেছে।
আহতরা হলেন হেমায়েত সেখ (৪৫) ও তার ছোট ভাই বেলাল সেখ (৪০)। তারা কদমতলা বাজার এলাকার বাসিন্দা।
পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুই সহোদরের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা রয়েছে বলেও জানান এসপি শাহ্ আবিদ হোসেন।
প্রত্যক্ষদর্শী ও আহত বেলাল সেখের ছেলে সুমন সেখ সাংবাদিকদের জানান, সকাল ৯টার দিকে তাদের প্রতিবেশী ইলিয়াস, রিয়াজুল, আকিস ও আনিসসহ ৫-৬ জন আহতদেরকে চা খাওয়ানোর কথা বলে বাজারে ডেকে নেয়।
এ সময় পূর্ব পরিকল্পিতভাবে দুই সহোদরকে ধরে তারা চাপাতি ও কুড়াল দিয়ে উপর্যুপরি কুপিয়ে দুভাইয়ের পায়ের গোড়ালি কেটে দেয়।
কয়েকদিন আগে হামলাকারীরা তাদের বাড়ির গাছ কেটে নিয়ে গেছে বলেও সুমন জানান।
পিরোজপুর সদর থানার ওসি আ. রাজ্জাক মোল্লা বিকালে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো মামলা হয়নি।
পিরোজপুর সদর হাসপাতালের আরএমও ডা. ননী গোপাল রায় জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাদের অবস্থা আশঙকাজনক বলে জানান তিনি।
