‘স্বামীর’ দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
গাজীপুরে তিন সপ্তাহ আগে অগ্নিদগ্ধ এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রত্না গাজীপুর সিটি করপোরেশনের বিন্ধান বাদুড়তলা এলাকার রুবেলের স্ত্রী। রুবেল তার স্ত্রীর গায়ে আগুন দেয় বলে অভিযোগ রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. হায়দার আলী জানান, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রত্না মারা যান।
পরিবারের বারত দিয়ে পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকরামুল হক জানান, যৌতুকের টাকা না পেয়ে রুবেল প্রায়ই রত্নাকে নির্যাতন চালাত।
গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
এ ব্যাপারে মামলা হলেও রুবেলকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।
