চাঁদপুরে ৭ ঘণ্টা পর বাস চালু
চালকের উপর হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস পেয়ে চাঁদপুরে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা।
ফলে সাত ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার বেলা ১টা থেকে জেলা শহরের সঙ্গে সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয় বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম।
তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে পদ্মা বাসের চালক খোকনকে একদল দুর্বৃত্ত মটরসাইকেলে তুলে নিয়ে মারধর করে, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনা জানার পর বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয় বাস শ্রমিকরা।
এ কারণে সকাল ৬টা থেকে চাঁদপুরের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, দিনাজপুর, বগুড়াসহ ১৭টি রুটে বাস চলাচল বন্ধ থাকে।
পুলিশ কর্মকর্তা কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়েছে। শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করার পর বাস চলাচল স্বাভাবিক হয়।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, “আগামী তিন দিনের মধ্যে বাস চালক খোকনের উপর হামলার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
হামলার ঘটনার বিষয়ে সকলে বসে সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক দেওয়ান বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, যারা বাস চালক খোকনের উপর হামলা করেছে তাদেরকে চিকিৎসা ব্যয় বহন করতে হবে এবং এ ঘটনায় থানায় জিডি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তের কোনো বাস্তবায়ন না হলে পরবর্তীতে বাস চলাচল বন্ধসহ বিভিন্ন ধরনের কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন এই শ্রমিক নেতা।
