শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত পাঁচ বাসযাত্রী।
সাতগাঁও পুলিশ ফাঁড়ির এসআই মো. নান্নু মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সাতগাঁও লছনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই জানান, হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে আসা হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস লছনা এলাকায় একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে হতাহতের ঘটনা ঘটে।
নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে বলে এসআই নান্নু জানান।
