৭ খুন: র্যাবের রুহুল ফের রিমান্ডে
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় র্যাব সদস্য রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম বুধবার এ আদেশ দেন বলে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান।
তিনি বলেন, নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা পাঁচ খুনের মামলায় রুহুল আমিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা।
"বিচারক দ্বিতীয় দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।"
পাঁচ মাস পলাতক থাকার পর গত ৭ অক্টোবর পটুয়াখালীর বাউফল থেকে ল্যান্স কর্পোরাল রুহুল আমিনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জে নিয়ে আসে গোয়েন্দা পুলিশের একটি দল।
পরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় তাকে সাত দিনের রিমান্ডে পায় পুলিশ।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পরে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় দুটি হত্যা মামলা করে নিহতের স্বজনরা।
ওই ঘটনায় এখন পর্যন্ত র্যাবের কর্মকর্তাসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিন র্যাব কর্মকর্তাসহ ১২ জন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এছাড়াও ঘটনার সাক্ষী হিসেবে ১৪ জন আদালতে জবানবন্দি দিয়েছেন।
