চাঁদপুরে বাস ধর্মঘটে দুর্ভোগ
বাস শ্রমিকদের ধর্মঘটের কারণে চাঁদপুরের সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
এক বাস চালকের ওপর হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়েছে বলে চাঁদপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ বাদল গাজী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, দিনাজপুর, বগুড়াসহ ১৭টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
“যতক্ষণ পর্যন্ত অভিযুক্তদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত চাঁদপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ থাকবে।”
শ্রমিকরা জানায়, গত মঙ্গলবার রাতে পদ্মা পরিবহনের চালক খোকন ঢাকা থেকে যাত্রীদের নিয়ে চাঁদপুর আসেন। এরপর একদল দুর্বৃত্ত এসে তাকে মটরসাইকেলে করে সদর উপজেলার ঘোরামারা আশ্রায়ন প্রকল্প এলাকায় নিয়ে বেদম মারধর করে। পরে টের পেয়ে স্থানীয়রা তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।
ওই ঘটনার পর রাতেই ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিকরা। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেই বাস চলাচল স্বাভাবিক হবে বলে ঘোষণা দিয়েছেন তারা।
ধর্মঘট প্রত্যাহারের জন্য বাস শ্রমিকদের বোঝানোর চেষ্টা চলছে জানিয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. নূরুল হক বলেন, “ঘটনার তদন্ত চলছে। অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ মিরাজ নামের এক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস চলাচল বন্ধের বিষয়টি আমাদের আগে জানা ছিল না। এখন আমরা গন্তব্যে যেতে পারছি না।”
