২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ ফোরের টাকা চুরির ‘মূল হোতা’ গ্রেপ্তার

বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘গ্রুপ ফোর’ এর চট্টগ্রাম কার্যালয় থেকে টাকা চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির এক নিরাপত্তাকর্মীকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ব্যুরো ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 11:33 AM

Updated : 25 Apr 2022, 04:49 PM

বুধবার সকাল ৭টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলা থেকে গ্রেপ্তার শহিদুল হক শান্তনুই (২৪) ওই চুরির ঘটনার ‘মূল হোতা’ বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ।

তিনি বলেন, “শান্তনুকে আটকের বিষয়ে পতেঙ্গায় র‌্যাব-৭ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।”

র‌্যাব-৭ এর অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, “চুরি যাওয়া টাকা মঙ্গলবারই উদ্ধার করা হয়েছিল। আজ তার সঙ্গে বাড়তি কোনো টাকা পাওয়া যায়নি।”

গত রোববার ভোরের দিকে কোনো এক সময়ে খুলশী চার নম্বর সড়কের ১৫/২ নম্বর ভবনে গ্রুপ ফোরের চট্টগ্রাম কার্যালয়ের ভল্ট খুলে তিন কোটি টাকা চুরি হয়।

ওই দিন রাতে গ্রুপ ফোরের জ্যেষ্ঠ ব্যবস্থাপক তারেক মনসুর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন, যাতে বিকল্প চাবি দিয়ে ভল্ট খুলে চুরির কথা বলা হয়। 

এরপর টাকার সন্ধানে সদরঘাট ও খুলশী থানা পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশও অভিযানে নামে। মঙ্গলবার ভোরে সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের মুয়াজ্জিন বশিরুল আলমের (২৮) শয়ন কক্ষ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করা হয়।

মুয়াজ্জিনকে গ্রেপ্তারের খবর গণমাধ্যমে দ্রুত প্রচার হওয়ায় চুরির ‘মূল হোতা’ হিসাবে চিহ্নিত গ্রুপ ফোরের নিরাপত্তাকর্মী শহিদুল হক শান্তনু পালিয়ে যায় বলে দাবি করে পুলিশ।

মুয়াজ্জিন বশিরকে গ্রেপ্তারের পর চট্টগ্রামের পুলিশ কমিশনার জলিল মণ্ডল জানান, মুয়াজ্জিন বশির ছিলেন শান্তনুর পূর্ব পরিচিত। শান্তনু তিনটি চালের বস্তায় করে ওই টাকা সোমবার ভোরে মসজিদ লাগোয়া বশিরের ঘরে নিয়ে যান। পরে তারা দুটি ট্রলি ব্যাগে টাকাগুলো ভরে রাখেন।

চোর কিভাবে সনাক্ত হল- জানতে চাইলে তিনি বলেন, “মুখোশধারী এক ব্যক্তির টাকা নিয়ে বের হয়ে আসার বিষয়টি প্রতিষ্ঠানের গোপন ক্যামেরায় ধরা পড়ে। তা দেখেই চোর সনাক্ত করা হয়।”