হজ ব্যবস্থাপনায় সাফল্যের দাবি মেননের
এবারের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ ‘সফল’ দাবি করে হজের ফিরতি ফ্লাইট বিলম্বের জন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করেছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।
হজ থেকে ফিরে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, কয়েকটি ফিরতি হজ ফ্লাইট বাংলাদেশ বিমানের জন্য নয়, বরং সৌদি সরকারের হজ ব্যবস্থাপনার জন্য বিলম্ব হয়েছে।
“আমরা মনে করি সফলভাবে হজ ব্যবস্থাপনা করতে সক্ষম হয়েছি। এবার হাজিদের নিয়ে যাওয়া বিমান প্রতিটি শিডিউল রক্ষা করেছে।”
সৌদি বিমান বন্দরে কোনো এয়ালাইন্সে যান্ত্রিক গোলযোগ হলে তা অন্য এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউলেও প্রভাব পড়ে জানিয়ে মেনন বলেন, নাসা এয়ারলাইন্সের জন্য বিমানের প্রথম দিনের ফিরতি ফ্লাইটে দেরি হয়।
সৌদি বিমান বন্দরে ‘বে’ পাওয়ার জন্য ৭৬টি এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, “সিকিউরিটি চেকিংয়ের জন্যও ফ্লাইট বিলম্ব হয়েছে। আপনারা (সাংবাদিকরা) ঢাকার ইমিগ্রেশন নিয়ে নালিশ করেন। সৌদি ইমিগ্রেশন যে কী, সেটা যদি নিজেরা দেখতেন তাহলে বুঝতে পারতেন।
“ঢাকার ইমিগ্রেশন অন্তত পক্ষে অ্যাটেন্ড করে। সেখানে (সৌদি) কথা বলতে বলতে উঠে চলে যায়, কখনো নামাজ পড়ে, কখনো চা খায়, তারপর ইমিগ্রেশন পার হতে হয়।”
মাথা ন্যাড়া করেননি মেনন
বাংলাদেশের বাম আন্দোলনের অন্যতম শীর্ষনেতা মেনন হজ করলেও মাথা ন্যাড়া করেননি।
হজ করেও যেন ন্যাড়া হতে না হয়, তাই আগে থেকেই চুল বড় করে চুলের তিন ভাগের একভাগ কেটেছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে মন্ত্রী মেননের বাম পাশে বসা ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসানও হজ করেছেন; তার ন্যাড়া মাথা ছিল টুপি দিয়ে ঢাকা।
হজ করেও মাথা ন্যাড়া না করার কারণ জানতে চাইলে মেনন সাংবাদিকদের বলেন, “আমার চুলের তিন ভাগের এক ভাগ কেটেছি।”
মাথাটা একটু এলিয়ে দিয়ে তিনি বলেন, “দ্যাখেন, দ্যাখেন।”
মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন ‘স্কলার’ চুল কেটে দিয়েছেন বলেও জানান তিনি।
মেনন বলেন, “মাথা যেন ন্যাড়া না করতে হয় তাই হজে যাওয়ার আগেই আমি চুল বড় করেছিলাম।”
এই দুই বাম নেতার হজ পালনে গেলে তা নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে বেশ আলোচনা শুরু হয়। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও তাদের হজ পালন নিয়ে সরস আলোচনা হয়।
২১ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা
হজযাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ২১টি হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এবার ২১টি হজ এজেন্ট তাদের ব্যক্তিস্বার্থ উদ্ধারের সুযোগ নিয়ে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। তাদের জামানতও বাজেয়াপ্ত হবে।”
এই ২১ এজেন্সির বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হতে পারে জানিয়ে ধর্মসচিব বলেন, “আশা করি এসব কালপ্রিট পার পাবে না।”
হজযাত্রীরা হজ এজেন্টকে (যে এজন্সির মাধ্যমে হজে যেতে চান) পাসপোর্ট দিলে তারা আনুষ্ঠানিকতা শেষ করে তা হজ পরিচালকের কাছে পাঠান। হজ পরিচালক ভিসার ব্যবস্থা করে পাসপোর্টগুলো আবার ওই এজেন্টের কাছে পাঠিয়ে দেন।
২১টি এজেন্ট ভিসা পাওয়ার পর পাসপোর্ট ফেরত না দিয়ে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করে বলে জানান বাবুল হাসান। বিমানমন্ত্রী এই ২১ এজেন্টকে সর্বোচ্চ শাস্তি দিতে ধর্ম মন্ত্রণালয়কে সুপারিশ করেছেন।
তবে বাংলাদেশের এক হাজার দুইশ বেসরকারি হজ এজেন্টদের নিয়ন্ত্রণ করা ‘কঠিন’ বলে মনে করেন ধর্মসচিব।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা অনেককেই (হজ এজেন্ট) শাস্তি দিয়েছি, কিন্তু তারা পাঁচ লাখ টাকা খরচ করে রিট করে ফয়সালা করে নেয়।”
বিভিন্ন অনিয়মের অভিযোগে গত বছর ২১২টি হজ এজেন্সিকে শাস্তি দেওয়া হয়েছিল।
