‘বিলম্বচক্রেই’ বিমানের হজ ফ্লাইট
নির্ধারিত সময়ে হাজিদের দেশে পৌঁছে দিতে আবারও ব্যর্থতার পরিচয় দিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ।
বৃহস্পতিবার বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট চার ঘণ্টা দেরি করার পর শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম ফ্লাইট পৌঁছাতে অতিরিক্ত সময় লাগায় ছয় ঘণ্টা। এতে ভোগান্তিতে পড়েন ওই ফ্লাইটের চারশ হাজি।
ফ্লাইটটির সৌদি আরব স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় জেদ্দা বিমানবন্দর ছেড়ে ঢাকায় পৌঁছার কথা ছিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায়।
বিমান কর্মকর্তারা প্রথম দিনের ফ্লাইট বিলম্ব হওয়ার কারণ হিসাবে বিভিন্ন স্থান থেকে হাজিদের জাড়ো করতে সময় লাগার কথা জানিয়েছিল।
অবশ্য শুক্রবার পাওয়া গেল ভিন্ন কারণ, জেদ্দা বিমানবন্দরে চেকিংয়ে বেশি সময় নেওয়া হচ্ছে। কেউ কেউ বিমানের অদক্ষতাকেও দায়ী করেছেন।
গাজীপুরের মোখলেসুর রহমান, ঢাকার রামপুরার আব্দুর রাজ্জাকসহ একাধিক হাজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ চেকিংয়ের জন্য ৫ ঘণ্টারও বেশি সময় নেওয়ায় বিমানের ফ্লাইট ছাড়ে ভোর ৫টার দিকে (সৌদি স্থানীয় সময়)।
শ্রীনগরের মোখলেসুর রহমান বলেন, “আমাদের ফ্লাইট ছিল রাত সাড়ে ১১টায়। বিমানবন্দরে গিয়ে দেখি আমাদের (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যাত্রীদের) কাউন্টারের কোনো চিহ্ন নেই। কাউন্টার খুঁজে পেতে আমাদের বিমানবন্দরের এমাথা-ওমাথা ছোটাছুটি করতে হয়েছে। তারপর শুরু হলো চেকিং। ফ্লাইটের প্রত্যেক যাত্রীকে চেক করা হলো। এতেই মূলত বিলম্ব ঘটেছে।”
হাজিদের যেভাবে তল্লাশি করা হয়েছে, তাতেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। “হাজিদের ব্যাগ, কাপড় এমনকি জুতা খুলেও চেক করা হয়েছে।”
তার স্ত্রী হাজেরা সুলতানা বলেন, “তারা যেভাবে আমাদের চেক করেছে, মনে হয়েছে যেন আমরা হাজি নই, চোর।”
আরেক হাজি হুমায়ুন কবির বলেন, “আমি এই নিয়ে পাঁচবার হজ করলাম। এবার চেকিংয়ের নামে যে হয়রানি হল, তা এর আগে কখনও দেখিনি।”
তবে বিলম্বের কারণ হিসেবে জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশি হাজিদের লাইনে পাকিস্তানিদের ঢুকে পড়াকে ‘কারণ’ হিসাবে দেখিয়েছেন আরেক হাজি আকবর হোসেন।
“জেদ্দায় আমাদের লাইনে প্রায় ১০০ জনের মত পাকিস্তানি হাজি ঢুকে পড়েছিল। চেকিং এর সময় এদের বাছাই করতে গিয়ে দেরি হয়।”
সে সময় বিমানের কর্মকর্তারা সহায়তার চেষ্টা করেছিলেন জানিয়ে হাজি আবু লতিফ রেজা বলেন, “ওখানে আমাদের বেশিরভাগ অফিসার আরবিতে ঠিকমতো কমিউনিকেট করতে পারেন না। ফলে খুব একটা কাজ হয়নি।”
ফ্লাইট বিলম্বের কারণ সম্পর্কে বিমানের জনসংযোগ কর্মকর্তা তাসমিন আক্তার জানান, সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষের কিছু ফর্মালিটি থাকে, আবার অনেক সময় হাজিরা শিডিউলড টাইমে এয়ারপোর্টে রিপোর্টিং করতে অসমর্থ হন। এ কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে।
