চট্টগ্রামে বিশ্বমান দিবস উদযাপিত
সকল ক্ষেত্রে সমতা রক্ষা করে মান- এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে বিশ্বমান দিবস উদযাপিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের দায়িত্ব উৎপাদনকারী, বিএসটিআই, বিক্রেতা ও ভোক্তা- সকলের। জনস্বাস্থ্য নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ‘মনিটরিং’ করা হচ্ছে।
“স্বল্প পুঁজিতে বেশি মুনাফা অর্জনের জন্য কেউ ব্যবসা করলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। পণ্যের মানের সমতা সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে হতে হবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ভেজাল খাদ্যের প্রভাবে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। ভোক্তাকে আরও সচেতন হতে হবে।
ভেজাল ও নিম্নমানের পণ্য প্রস্তুতকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে দিতে আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই।
পণ্যের মান নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. শওকত ওসমান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রমবর্ধমান জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য শিল্পায়নের বিকল্প নেই। আর শিল্পায়নের প্রথম শর্ত হলো মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে দেশি-বিদেশি বাজার সৃষ্টি।
অনুষ্ঠানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম শাখার সভাপতি এস এম নাজের হোসেন বলেন, মানহীন পণ্য ভোক্তার জন্য অভিশাপ। পণ্যের মান নিশ্চিত করতে বিএসটিআইকে মাঠ পর্যায়ে আরো গতিশীল হতে হবে।
