মুন্সীগঞ্জে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
কথিত অপহরণের প্রায় ১০ মাস পর মুন্সীগঞ্জের লৌহজং থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কলমার ডহরী গ্রাম থেকে আরফুন নাহার লিপির (২১)লাশ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলেন।
লৌহজং থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, গত বছরের ২০ ডিসেম্বর রাজধানীর মাদারটেক এলাকা থেকে লিপি নিখোঁজ হন। তার বাবা রাজধানীল খিলগাঁও থানায় আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণ মামলা করেন।
“লিপির বাবা পুলিশকে জানান, মঙ্গলবার লিপির লাশ নিয়ে যাওয়ার জন্য তাকে (লিপির বাবা) ফোন করে আলম। পরে আলমের বাড়ি থেকে লিপির লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়,” বলেন ওসি তোফাজ্জল।
আলম লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরী গ্রামের সোনা মিয়ার ছেলে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
