২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

কারাগারে বসে ‘জঙ্গি প্রচার’ বন্ধে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার’ কমিটির এক বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “জঙ্গিরা জেলে বসে যেন কোনো ধরনের ‘প্রোপাগান্ডা’ না ছড়াতে পারে, তাই তাদের (জঙ্গি) মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে চাই।”

তবে জঙ্গিবাদ সংক্রান্ত কতগুলো মামলা রয়েছে এবং কীভাবে সেগুলোর দ্রুত নিষ্পত্তি করা হবে- সে বিষয়ে কিছু জানাতে পারেননি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “জঙ্গিরা জোর পায় অর্থায়নে। এই অর্থায়ন বন্ধ করতে পারলেই জঙ্গিদের কার‌্যক্রম বন্ধ করা যাবে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জঙ্গি অর্থায়ন বন্ধে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে জানিয়ে কামাল বলেন, “আজকের সভায় অর্থায়ন কীভাবে বন্ধ করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।”

প্রতিমন্ত্রী জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অস্বাভাবিক অর্থ লেনদেন হলেই তা ‘মনিটরিংয়ের’ উদ্যোগ নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীও এ বিষয়ে সতর্ক রয়েছে।

“জঙ্গিবাদ রোধে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ছাড়াও স্কুলে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নজরদারি করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এর (জঙ্গিবাদ) মধ্যে জড়িয়ে পড়ার নজির রয়েছে।”

ভারতের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি জঙ্গি সংগঠনের সম্পৃক্তার অভিযোগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকার এখনো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ভারতীয় গণমাধ্যমের খবর প্রসঙ্গে তিনি বলেন, “বাংলায় পৃথিবীতে কতো মানুষ কথা বলে, বাংলায় কথা বললেই কি বাংলাদেশি?”

অন্যদের মধ্যে পুলিশের মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, বিজিবি প্রধান আজিজ আহমেদ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাচিব, অতিরিক্ত সচিব এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।