মেঘনায় মাছ ধরারত জেলে গুলিতে নিহত
নোয়াখালীর হাতিয়া এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে সূর্যমুখী খালের কাছে গুলিবিদ্ধ হন উপজেলার বুড়ির চর ইউনিয়নের রেহানিয়া গ্রামের আবু বকরের ছেলে আবুল হাসেম। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছ থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন তার বাবা আহত, পরে হাসপাতালে গিয়ে লাশ দেখতে পান।
পুলিশের গুলিতে তার বাবার মৃত্যু হয়েছে বলে শুনেছেন বলে তিনি সাংবাদিকদের জানান।
এ ব্যাপারে হাতিয়া থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে সূর্যমুখী খালের কাছে মেঘনা নদীতে ইলিশ ধরার সময় একটি স্পিড বোট এসে জেলে নৌকায় গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন আবুল হাসেম। আশংকাজনক অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
তবে স্পিড বোটটি পুলিশের নয় বলে দাবি করেন ওসি রাব্বি।
