হেফাজতে নির্যাতন: ৫ পুলিশের বিরুদ্ধে মামলা
পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে নেয়াখালীর সোনাইমুড়ি ও চট্টগ্রাম নগরীর বন্দর থানার ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার নেয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের বাবা আবুল কাশেম বাদী হয়ে জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়ার আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে নোয়াখালী পুলিশ সুপারকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছে।
বাদী পক্ষের আইনজীবী এবিএম জাকারিয়া বলেন, গত ১৬ সেপ্টম্বর চট্টগ্রামের বন্দর থানা পুলিশের সহায়তায় ছাত্রদল নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তারের পর সোনাইমুড়ি নিয়ে আসে পুলিশ।
রাতে তাকে যুবলীগ নেতা আরিফ হোসেন হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য নির্যাতন ও চাপ সৃষ্টি করে পুলিশ। এতে রাজি না হওয়ায় মধ্যরাতে জেলা শহরের শহীদ মিনারের পাশে পুলিশ তার বাম পায়ে গুলি করে। পরে তাকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় ফেলে রেখে চলে যায়।
“খবর পেয়ে স্বজনরা নজরুল ইসলামকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলেন।”
তিনি আরো বলেন, এ ঘটনায় নজরুলের বাবা আবুল কাসেম হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন ২০১৩ অনুযায়ী পাঁচ পুলিশের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
