বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ
বাগেরহাটের রামপালে এক কিশোরীকে (১৬) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে মেয়েটির মা তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো তিন-চার জনের বিরুদ্ধে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
মামলার পর মেয়েটির কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুম মল্লিক (৩০) উপজেলার হোগলডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুস মল্লিকের ছেলে।
(প্রতীকী ছবি)
পরিবারের অভিযোগের বরাত দিয়ে রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন বলেন, উপজেলার উজলকুড় ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা এক দিনমজুরের মেয়ের সঙ্গে মাসুমের ‘প্রেমের সম্পর্ক’ গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে সোমবার রাত সোয়া ৮টার দিকে মাসুম মেয়েটিকে ফোন করে দেখা করতে বলে।
“ফোন পেয়ে মেয়েটি তার সঙ্গে দেখা করতে গেলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে গোবিন্দপুর গ্রামের এশা হাওলাদার নামে এক ব্যক্তির বাগানে নিয়ে তাকে ছয়/সাত জন মিলে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় মেয়েটি বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।”
পরিবার বিষয়টি থানায় জানালে পুলিশ মঙ্গলবার সকালে হোগলডাঙ্গা গ্রাম থেকে মাসুমকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মেয়েটির মা থানায় মাসুমসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন বলে জানান ওসি।
