কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ
কক্সবাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন, যিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
গুলিবিদ্ধ জাকের হোসাইন (২৮) টেকনাফের হাতিয়ারঘোনা এলাকার বাসিন্দা। তার বাঁ পায়ে গুলি লেগেছে।
জাকেরকে আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
ডিবি পুলিশ কর্মকর্তা মনজুর বলেন, “জাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য ও অস্ত্র উদ্ধারের জন্য গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজারের দরিয়ানগর এলাকায় একটি সেতুতে পৌঁছালে ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
“এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে সেখান থেকে টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জাকেরকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।”
ঘটনাস্থল থেকে এক হাজার ইয়াবা, একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মনজুর।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় তিনটি মামলা করেছে পুলিশ।
