২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

নাটোরের সিংড়া উপজেলায় এক যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 10:55 AM

Updated : 22 Aug 2022, 07:19 PM

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে যুবদলের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন কমিটির সদস্য কামাল হোসেনকে (৩৫) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

“তবে হত্যাকারীরা কামালের লাশ নদীতে ফেলে দেয়ায় এখন পুলিশের পক্ষ থেকে লাশের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ”

উপজেলার কালিনগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে কামাল হোসেন কলম ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলার রহমান হত্যা মামলার আসামি ছিলেন বলে ওসি জানান।

সকালে নিজের গ্রামে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জামরুল ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে  নিজেদের বাড়ি থেকে বিলদহর বাজারে যাচ্ছিলেন কামাল। বাড়ি থেকে কিছু দূর এগোলে কয়েকজন সন্ত্রাসী খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়। এরপর তারা লাশ পাশের ঘুর নদীতে ফেলে দেয়।”

কামাল হোসেন যুবদলের কলম ইউনিয়ন কমিটির সদস্য বলে সিংড়া উপজেলা যুবদলের সভাপতি তাইজুল ইসলাম জানান।