২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে পিস্তলসহ যুবককে গণধোলাই

ঝালকাঠী সদর উপজেলায় এক মেয়েকে উত্ত্যক্ত করার সময় পিস্তলসহ এক যুবককে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 10:22 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

পিটুনিতে গুরুতরভাবে আহত ওই যুবককে পুলিশে সোপর্দ করার পর তাকে উন্নত চিকিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

সোমবার বিকেল সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের এ ঘটনায় আটক মনির হোসেন (২৭) রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মুনসুর হাওলাদারে ছেলে।

ঝালকাঠী সদর ওসি শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি পিস্তল ও পাঁচটি গুলিসহ ওই যুবককে সন্ধ্যার দিকে গ্রামবাসী আমাদের কাছে সোপর্দ করেছে । গুরুতর আহত ওই যুবককে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে পরে আশংকাজনক অবস্থায় বরিশালে পাঠিয়েছি ।”

প্রত্যক্ষদর্শীরা জানান, মনির দীর্ঘদিন ধরে গ্রামের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার বিকেলে ওই মেয়ে ইউনিয়ন পরিষদের কাছ দিয়ে বাড়ি যাওয়ার পথে মনির তার পথরোধ করে। বাক-বিতণ্ডার এক পর্যায় মনির পিস্তল উঁচিয়ে তাকে গুলি করতে উদ্যত হলে সে চিৎকার করে। এসময় গ্রামবাসী ছুটে এসে পিস্তলসহ মনিরকে আটক করে গণধোলাই দেয়।

ঝালকাঠী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাহাত হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই যুবকের শরীরে পিটুনির আঘাত রয়েছে। তার দুটো চোখেই আঘাতের চিহ্ন রয়েছে। এতে তার দৃষ্টি হারানোর শঙ্কা রয়েছে। তাই গুরুতর অবস্থায় ওই যুবককে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠিয়েছি ।”