২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের প্রতিবাদকারী খুন হওয়ার পর ১৯ পুলিশ বরখাস্ত

বোনকে উত্ত্যক্তকারীদের প্রতিবাদকারী এক যুবক খুন হওয়ার পর ঘটনা ধামাচাপা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠার প্রেক্ষাপটে পুলিশের ২০ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 10:11 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাষানটেক থানার এক ফাঁড়ির ১৯ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে থানার এক পরিদর্শককে।

সাময়িক বরখাস্তদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ১৩ জন কনস্টেবল।

ভাসানটেক থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবীকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা নিশারুল বলেন, “আমি ফাঁড়ির ১৯ জনকে সাময়িক বরখাস্ত করেছি। আর কমিশনার কার্যালয় পরিদর্শককে প্রত্যাহার করেছে।”

কী কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে- তিনি বলেন, “দায়িত্বে অবহেলাই এর কারণ। এছাড়া জনশ্রুতি আছে, ভাষানটেক ফাঁড়ির পুলিশ সদস্যদের সঙ্গে অপরাধীদের সখ্য রয়েছে।”

গত বৃহস্পতিবার পিটিয়ে হত্যা করা হয় নাসির হোসেন (২৫) নামে এক যুবককে। মামাত বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা তার ওপর হামলা চালায় বলে স্থানীয়রা জানায়।

ওই ঘটনায় থানায় একটি মামলা হলেও তিন দিনেও কেউ গ্রেপ্তার হয়নি। উল্টো উত্ত্যক্তের ঘটনাটি ধামাচাপা দিতে পুলিশ চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, ওই ফাঁড়ির পুলিশ সদস্যদের সঙ্গে বখাটেদের সখ্য রয়েছে এবং এরা ভাষানটেক এলাকায় একের পর এক অপরাধ ঘটিয়ে চলছে।

পুরনো খবর:

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা