বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা
রাজধানীর ভাষানটেকে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বখাটেরা।
নিহত মো. নাসির হোসেন (২৫) পেশায় মাছ ব্যবসায়ী। তিনি পূর্ব ভাসানটেকের পিল মোহাম্মদ কলোনির আবদুল মতিন সরদারের ছেলে।
ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবী জানান, শুক্রবার রাতে পশ্চিম ভাসানটেকের গোলটেক এলাকায় বখাটেদের পিটুনিতে মারাত্মকভাবে আহত নাসির গভীর রাতে হাসপাতালে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নাসিরের এক মামাতো বোনকে স্থানীয় কিছু যুবক প্রায়ই উত্ত্যক্ত করতো। বৃহস্পতিবার বিকালে উত্ত্যক্ত করার সময় প্রতিবাদ করলে নাসিরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
“শুক্রবার সন্ধ্যার পরে নাসিরকে পশ্চিম ভাষানটেক এলাকায় একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই উত্ত্যক্তকারীরা। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ২টার দিকে নাসিরের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মোশারফ থানায় একটি মামলা করেছেন বলে জানালেও আসামিদের নাম জানাতে রাজি হননি এই পুলিশ পরিদর্শক।
আসামিদের ধরতে রাতেই পুলিশ অভিযান চালালেও কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি।
নিহতের ভাই মোশারফ হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, “স্থানীয় বাবলু, কানা আলম ও মামুন তার মামাতো বোনকে উত্ত্যক্ত করতো।”
