সার্ক সম্মেলন: প্রধানমন্ত্রীকে নেপালের আমন্ত্রণ
সার্কের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে নেপাল।
সোমবার সন্ধ্যায় গণভবনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী মাহেন্দ্র বাহাদুর পান্ডে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
আগামী ২৬ থেকে ২৭ নভেম্বর সার্কের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে নেপালের কাঠমান্ডুতে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী এ আমন্ত্রণপত্র গ্রহণ করে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।”
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে সব সময়ই বাংলাদেশ গুরুত্ব দিয়ে আসছে। আমদের সমস্যাগুলো এক। সমাধানও এক হয়ে করতে হবে।”
প্রেস সচিব বলেন, “দুজনের আলোচনায় ভারসাম্য প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য ফিজিক্যাল অ্যান্ড মটর কানেকটিভিটির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। নেপালের সঙ্গে ট্রানজিটের বিষয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির কথাও তিনি বলেছেন।”
আলোচনায় প্রধানমন্ত্রী পর্যটন খাতে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন বলে জানান শামীম চৌধুরী।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করে তাকে সার্ক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নেপালের পররাষ্ট্রমন্ত্রী।
