অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ১৫
অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে চট্টগ্রাম নগরীতে ১৫ জনকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার বিকালে নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় পুলিশ এক দালালকেও গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. নাসির (৪০) রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর এলাকার বাসিন্দা।
নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) সহকারী কমিশনার মোহাম্মদ মঈনউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধাররা সবাই সকালে সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম এসেছিল।
চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।
পুলিশ কর্মকর্তা মঈনউদ্দিন বলেন, “গ্রেপ্তার নাসির উদ্ধারকৃতদের নিয়ে বিকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য মাইক্রোবাস ভাড়া করছিল।”
এসময় পুলিশ তাদের উদ্ধার করে বলে জানান তিনি।
উদ্ধার হওয়া ও গ্রেপ্তার নাসিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মঈনউদ্দিন।
