২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ-কোস্টগার্ডের সঙ্গে সংঘর্ষে জেলেরা, আহত ১০

ইলিশ ধরা বন্ধে চাঁদপুর সদর উপজেলার আখনের হাটে পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের অভিযানের মধ্যেই জেলেদের সঙ্গে সংঘর্ষে এক ম্যাজিস্ট্রেটসহ ১০ জন আহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 04:13 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত মেঘনা নদীতে ইলিশ ধরার সময় আটক করা হয়েছে অন্তত ২৪ জেলেকে, যাদের মধ্যে সাতজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে চাঁদপুর পদ্মা-মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এর অংশ হিসাবে মেঘনা নদী ও নদী তীরের বিভিন্ন মাছের হাটে মৎস বিভাগ, কোস্টগার্ড় ও নৌ-পুলিশের অভিযান চলছে।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. হাসানুর রহমান জানান, সোমবার সকালে আখনের হাট এলাকায় জেলা টাস্কফোর্স অভিযান চালায়। এতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড অংশ নেয়।

এ সময় জেলেরা টাস্কফোর্স সদস্যদের দিকে ইট-পাটকেল ছুড়তে শুরু করলে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল ইসলাম ইটের আঘাতে আহত হন।

পরে নৌ-পুলিশ রাবার বুলেট ও কোস্টগার্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে হাসানুর রহমান জানান।

এ ঘটনায় দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৩০ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

এদিকে রোববার রাতে মেঘনা নদীতে টাস্কফোর্সের আরও একটি দল অভিযানে চালিয়ে সাত জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মহসিন উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে জেলেদের এই সাজা দেওয়া হয়।

এছাড়া রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চাঁদপুরের মোহনা, হরিণা ফেরিঘাট, মোহনপুর, বহরিয়া, আকনঘাট, লগিমারারচর, রাজরাজেশ্বর এবং হাইমচর এলাকায় অভিযান চালায় আরও একটি দল।

এ অভিযানে ১৭ জেলেকে আটক করার পাশাপাশি দুই লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. হাসানুর রহমান বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হবে।