২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিয়াস করিম মারা গেছেন

বিতর্কিত টিভি আলোচক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম হৃদরোগে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৫৬ বছর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 08:38 AM

Updated : 25 Apr 2022, 04:49 PM

সোমবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রাজধানীর স্কয়ার হাসপাতালে খবর দেন।

অ্যাম্বুলেন্সে করে ধানমন্ডির বাসা থেকে হাসপাতালে নেয়ার পর সকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মল্লিকা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষায় আমাদের মনে হয়েছে উনার হার্ট অ্যাটাক হয়েছিল।”

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অধ্যাপক পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত পিয়াস করিমের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। জোহরের পর বায়তুল মোকাররম মসজিদে তার জানাজা হবে।

পিয়াসের তিন বোন বিদেশ থেকে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক পিয়াস করিমের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার বাবা অ্যাডভোকেট এমএ করিম একাত্তরে ছিলেন কুমিল্লা জেলা শান্তি কমিটির একজন নেতা।

বিভিন্ন টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে ডানঘেঁষা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিতি পান অধ্যাপক পিয়াস। গত বছর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে শাহবাগে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্যের কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

যুদ্ধাপরাধের বিচারের কৌশল নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণেও তিনি সমালোচিত হন। 

সাংবাদিক, গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী জানান, স্বাধীনতার পর বাম ঘরানার লেখক শিবির এবং মার্কসবাদী আন্দোলনে যুক্ত ছিলেন পিয়াস করিম। বিদেশে গিয়ে এ বিষয়েই পড়াশোনা করেন।

পিয়াস করিমের স্ত্রী আমেনা মহসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করেন। পিয়াস এক ছেলে রেখে গেছেন।

তার মৃত্যুর খবর শুনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা সোমবার সকালে ধানমন্ডিরর ৭ নম্বর সড়কে তার বাসায় আসেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খানও আসেন পিয়াস করিমের বাসায়।

তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা জানান।

বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, শামা ওবায়েদ, শায়রুল কবির খানসহ অঙ্গসংগঠনের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, শিক্ষক ফেরদৌস আজীম, আসিফ নজরুল, ফরহাদ মজহার, নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন, ব্যারিস্টার তুহিন মালিক, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএইজ সম্পাদক নুরুল কবীর, ড. রেজোয়ান সিদ্দিকী, মাহফুজউল্লাহ, খায়রুল আনোয়ার মুকুলসহ পেশাজীবী নেতারা প্রয়াত এই শিক্ষকের বাসায় আসেন।