২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে শিশুসহ দুজন গুলিবিদ্ধ

রাজধানীর পুরান ঢাকার বংশালে দুর্বৃত্তের গুলিতে প্রতিপক্ষের এক ‘সন্ত্রাসী’সহ একটি শিশু গুলিবিদ্ধ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 01:39 AM

Updated : 22 Aug 2022, 07:18 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বংশালের সুরিটোলায় এক গলিতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গুলিবিদ্ধরা হল, মো. সোলায়মান (৮) ও আলমগীর হোসেন আসাদ (৩০)।

লালবাগ বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবিদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলিবিদ্ধ আসাদ একজন সন্ত্রাসী। ওয়াসিম নামে আরেক সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তা প্রথমে আসাদের পায়ে লেগে বেরিয়ে যায়। পরে  গিয়ে তার পাশেই থাকা পথচারী শিশু সোলায়মানের পায়ে লাগে।”

তিনি বলেন, “আসাদ ও ওয়াসীম দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের নামে সাত/আটটি করে বিভিন্ন ধরনের মামলা রয়েছে।”

গুলিবিদ্ধ দুইজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আবিদা।