‘আইএস জঙ্গি’ হামদানের জামিন নাকচ
আন্তর্জাতিক জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক সামিউন রহমান ইবনে হামদান আদালতে জামিন চেয়ে বিফল হয়েছেন।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার করা জামিনের আবেদন নাকচ করেন মহানগর হাকিম রেজাউল করিম।
গত ২৮ সেপ্টেম্বর কমলাপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার হওয়ার পর আদালতে নিলে ২৪ বছর বয়সী এই যুবক জামিনের আবেদন করেছিলেন, তখনও তা নাকচ হয়েছিল।
তখন হামদানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছিল আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। এখন জামিন আবেদন নাকচ হওয়ায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সংগ্রহ করে সিরিয়ায় পাঠানোর জন্য বাংলাদেশে এসেছিলেন হামদান। বাংলাদেশ ও মিয়ানমারে আল-কায়েদা নেটওয়ার্ক স্থাপন এবং বাংলাদেশে ইসলামী শরীয়াভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করাও তার উদ্দেশ্য ছিল।
রোববার জামিন আবেদনের শুনানিতে আসামির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার দাবি করেন, হামদানের কাছ থেকে যে মোবাইল ফোন, সিপিইউ জব্দ করা হয়েছে তাতে জঙ্গি যোগসূত্রের কোনও সন্ধান পাওয়া যাবে না।
“গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার ও আইনে সোপর্দ করাতে অনেক অনিয়ম করেছে, সামিউন ইবন হামদানের অধিকার লঙ্ঘিত হয়েছে।”
পুলিশের দাবি, হামদান আইএস-এ যোগ দিয়ে জিহাদে অংশ নিতে যুক্তরাজ্য থেকে এক বন্ধুসহ তুরস্ক হয়ে সিরিয়ার যান। গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সিরিয়ায় অবস্থান করে কথিত জিহাদে অংশ নেন তিনি।
