নারায়ণগঞ্জে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা
হজ নিয়ে বির্তকিত মন্তব্য করা অভিযোগে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা মামলায় সমন জারি করেছে নারায়ণগঞ্জের আদালত।
রোববার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনি রূপমের আদালতে মামলা করেন শাহ্ মাজহারুল হক।
বাদী পক্ষের আইনজীবী মাইনুদ্দিন মিয়া জানান, আদালত শুনানি শেষে আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায় লতিফ সিদ্দিকীকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় হজ ও তাবলীগ জামাত সর্ম্পকে বিতর্কিত মন্তব্য করেন। ন্যায় বিচারের স্বার্থে বাদি বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ চান।
এর মধ্যেই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বেশকিছু মামলা হয়েছে।
