চট্টগ্রামে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রামে সড়কের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে পুলিশ।
রোববার অভিযান শুরুর প্রথম দিন ইপিজেড এলাকায় এক হাজারেরও বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
নগরীকে যানজটমুক্ত করতে এ অভিযান শুরু হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর থেকে রাস্তার পাশে অবৈধ পাকিং উচ্ছেদ কার্যক্রম শুরু করে ট্রাফিক বিভাগ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মোস্তাক আহামেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযান শুরুর প্রথম দিন সল্টগোলা থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত এলাকায় প্রায় ১২০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
তিনি বলেন, সড়ক যানজটমুক্ত করতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, হকার্স নেতাদের সঙ্গে বৈঠক করে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
পুলিশ কর্মকর্তা মোস্তাক বলেন, ফুটপাথের পাশাপাশি রাস্তার দুইপাশে অবৈধ দোকান বসিয়ে যানজটের সৃষ্টি করা হয়। যানজট নিরসনের জন্য প্রথম দফায় রাস্তায় বসানো অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে।
অভিযানটি চলমান থাকবে বলেও জানান তিনি।
এদিকে গত ২৩ সেপ্টেম্বর থেকে রাস্তার দুই পাশে অবৈধ পার্কিং ও দোকানের মালামাল রাখার বিরুদ্ধেও অভিযান শুরু করেছে ট্রাফিক বিভাগ।
