এখন চট্টগ্রাম থেকে মিলছে যুক্তরাষ্ট্রের ভিসা
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ইচ্ছুকদের হয়রানি কমাতে বন্দরনগরী চট্টগ্রামে চালু করা হয়েছে আমেরিকান ভিসা ডেলিভারি সেন্টারের।
রোববার আগ্রাবাদে আইয়ুব ট্রেড সেন্টারে সায়মন ওভারসিজ লিমিটেডে এই সেন্টারের উদ্বোধন করেন ঢাকায় আমেরিকান দূতাবাসের ভাইস কনসাল উইল রোমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উইল রোমিন বলেন, “সময় হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু। আমরা চাই চট্টগ্রাম থেকে যারা যুক্তরাষ্ট্রে যেতে চায় তাদের সময় বাঁচাতে।”
ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে, সাক্ষাৎকার ও পাসপোর্ট ফেরত নিতে এক ব্যক্তিকে তিন বার ঢাকা-চট্টগ্রাম যাওয়া-আসা করতে হয়। এতে অনেক সময় লাগে। এখন আর এত সময় লাগবে না।
উইল রোমিন বলেন, “আমরা চাই আগ্রহী পর্যটক ও শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে।”
তিনি জানান, ভিসার জন্য সাক্ষাৎকার ঢাকাতেই হবে। তবে আগ্রহীরা এখানে পাসপোর্ট জমা দিতে পারবেন। সাক্ষাৎকার শেষে এখান থেকে পাসপোর্ট নিতে পারবেন।
পাশাপাশি যাদের পাঁচ বছরের মাল্টিপল ভিসার মেয়াদ শেষ হয়েছে সেসব আবেদনকারী ড্রপ বক্স এর মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রে আবেদন করে ভিসা পেতে পারেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওমান এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার কেএইচ আশরাফুল কবির ও ব্যবসায়ী মো. আইয়ুব।
চট্টগ্রাম কেন্দ্রে আবেদন করে ভিসা পাওয়া প্রথম ব্যক্তি একরামুল আজিম অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে ভিসা সম্বলিত পাসপোর্ট নেন।
পরিবারের তিন সদস্যকে নিয়ে আগামী মাসে ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানান একরামুল আজিম।
