২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল লাইনচ্যুত, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনের কাছে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 12:54 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

রোববার সকাল সোয়া ১১টার দিকে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

তবে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের ওই অংশে দুটি লাইন থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়নি বলে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী মাস্টার মাইনুল হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, আউটার সিগন্যালের কাছাকাছি এসে উপকূল এক্সপ্রেসের পেছন দিকের তিনটি বগি লাইন থেকে বেরিয়ে যায়। দুর্ঘটনার প্রায় পৌনে দু ঘণ্টা পর লাইনচ্যুত তিন বগিসহ পেছনের পাঁচটি বগি ফেলে ট্রেন ঢাকার উদ্দেশ্যে চলে গেছে।

এরপর এক লাইন দিয়ে ট্রেন চালানোয় চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, দুর্ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ায় সূবর্ণ এক্সপ্রেস ও আখাউড়ায় কালনী এক্সপ্রেস বেশ কিছুক্ষণ আটকা পড়ে থাকে।

দুর্ঘটনার পর পর উত্তেজিত যাত্রীরা তালশহর রেলস্টেশনের দরজা জানালা ভাংচুর করে বলে তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়া জিআরপির ইনচার্জ মো. আলমগীর জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন। এতে অন্তত ১০ জন আহত হন।

তবে দুর্ঘটনার কারণ রেল কর্তৃপক্ষ জানাতে পারেনি।

লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিতে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন দুপুরে তালশহরে এসে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে বলে মাইনুল হোসেন জানান।