২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

যশোরের শার্শায় মাটি বহনকারী ট্রাকের ধাক্কায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 09:43 AM

Updated : 22 Aug 2022, 07:18 PM

নিহত নিরঞ্জন কুমার আঢ্য (৫০) শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ছিলেন। তিনি থাকতেন শার্শার স্টেডিয়াম পাড়ায়।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৭টার দিকে শার্শা বাজার এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

“সকালে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন নিরঞ্জন। শার্শা বাজার এলাকায় একটি ট্রাক একটি জিপকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে নিরঞ্জনকে ধাক্কা দেয়।”

স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পুলিশ পরিদর্শক রহিম জানান।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত জিপটি ঘটনাস্থল থাকলেও ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাক ও চালককে আটক করতে পুলিশকে সতর্ক করা হয়েছে।