চসিকের বিলবোর্ড পরিদর্শককে বদলি
বন্দর নগরীতে অবৈধ বিলবোর্ড ব্যবসার সিন্ডিকেটে জড়িত থাকার বিষয়ে মন্ত্রীর ইঙ্গিতের পর বদলি করা হল চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) বিলবোর্ড পরিদর্শক আবুল মনসুরকে।
সিসিসি’র সংস্থাপন শাখায় বৃহস্পতিবার আবুল মনসুরকে বদলি করা হলেও গণমাধ্যমকে করপোরেশনের পক্ষ থেকে শনিবার পর্যন্ত কিছু জানানো হয়নি।
শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ বদলির বিষয়টি নিশ্চিত করেন।
আলী আহমদ বলেন, “আবুল মনসুরকে সিসিসি’র সংস্থাপন শাখায় সংযুক্ত করা হয়েছে। বিলবোর্ড পরিদর্শক পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। আমরা মাঠ পর্যায়ে কর্মরত একজন দক্ষ লোক খুঁজছি।”
আবুল মনসুরকে বদলির বিষয়টি মেয়রের নির্দেশে কি না- এই প্রশ্নের জবাবে আলী আহমদ বলেন, “বদলি আমিও করতে পারি। তবে সাধারণত আমরা মেয়রের সঙ্গে পরামর্শ করি। এ ক্ষেত্রে মেয়রের সঙ্গে আলোচনা হয়েছে।”
গত বুধবার বন্দরনগরীর বালুছড়ায় বিআরটিএ’র কার্যালয় পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবৈধ বিলবোর্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, “এখানে কয়েক হাজার অবৈধ বিলবোর্ড আছে। একটি চক্র সক্রিয়। মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকাকালে যে কর্মকর্তা দুর্নীতির অভিযোগে ওএসডি হয়েছিলেন তিনি কী করে বিলবোর্ডের দায়িত্ব প্রাপ্ত হন?”
ওই কর্মকর্তার নাম উল্লেখ না করে ওবায়দুল কাদের আরও বলেছিলেন, “তার নেতৃত্বে একটি সিন্ডিকেট আছে। সরকার বিলবোর্ডে রাজস্ব পায় মাত্র আড়াই কোটি টাকা। আর ওই সিন্ডিকেট মাসে মাসে কোটি কোটি টাকা আয় করে।”
