নৌকা বাইচে মাতল লাখো মানুষ
বৈরি আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর হয়ে পরিবেশে নরসিংদী শহর সংলগ্ন মেঘনা নদীতে নৌকা বাইচ হয়েছে।
শনিবার দুপুরে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ওসমান মোল্লার নৌকা চ্যাম্পিয়ন হয়েছে।
নাহার জুট ট্রেডিং-এর সহযোগিতায় শেরে বাংলা ক্লাব নরসিংদী এ নৌকা বাইচ আয়োজন করে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নৌকা বাইচ দেখতে নরসিংদী শহর রক্ষা বাঁধে লাখো মানুষ ভিড় জমায় । আশপাশের জেলা থেকেও অনেক দর্শক আসে। নৌকা নিয়ে মেঘনায় আনন্দে মেতে উঠতেও দেখা যায় অনেককে।
শেরে বাংলা ক্লাব নরসিংদীর সাধারণ সম্পাদক নুরে আলম নান্নু জানান, নরসিংদী, নারায়নগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ থেকে ২৬টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের নলভাটা থেকে নরসিংদী পৌর এলাকার ইউএমসি জুটমিল ঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ওসমান মোল্লার নৌকা চ্যাম্পিয়ন হয়।
পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নরসিংদীর শেরে বাংলা ক্লাব প্রতিবছরই এ বাইচের আয়োজন করে থাকে।
