সেন্টমার্টিনে আটকা কয়েকশ’ পর্যটক
ঘূর্ণিঝড় ‘হুদ হুদ’ এর প্রভাবে কক্সবাজারে সমুদ্রের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে চার ফুট বৃদ্ধি পেয়েছে। উত্তাল সাগরের কারণে জাহাজ না যাওয়ায় প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছে কয়েকশ’ পর্যটক।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, এ সময় দিনে গড়ে তিন হাজার পর্যটক সেন্টমার্টিন যায়। এদের অনেকেই দ্বীপে রাত কাটায়।
উত্তাল সাগরের কারণে শনিবার কোন জাহাজ দ্বীপে যায়নি। ফলে ওখানে আটকা পড়েছে সাড়ে ৩শ’ পর্যটক।
“আটকে পড়া পর্যটকদের নিরাপদে অবস্থান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এদের ফেরত আনা হবে।”
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন জানিয়েছেন, দ্বীপে সাড়ে ৩ শ’ পর্যটক আটকে আছে। তাদের সবাইকে নিরাপদে অবস্থান করার জন্য বলা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের টেকনাফে পাঠানো হবে।
কক্সবাজার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দুলাল দাশ জানিয়েছেন, হুদ হুদের প্রভাবে কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়াও বইতে পারে।
স্বাভাবিক অবস্থার চেয়ে জোয়ারের পানি চার ফুট বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।
ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত বহাল রয়েছে।
