২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বোমা বিস্ফোরণে নিহত ১

ফেনী সদর উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে এক বৃদ্ধ নিহত ও এক যুবক আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 07:36 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শনিবার বিকেলে উপজেলার বাথানিয়া গ্রামের একটি লাকড়ির দোকানে এ বিস্ফোরণ ঘটে।

নিহত নুর নবী (৩৫) সদর উপজেলার বাথানিয়া গ্রামের মো. ইসহাক মিয়ার ছেলে। আহত যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, শনিবার বাথানিয়া এলাকার বাথানিয়া নুরাণী ইসলামিয়া মাদ্রাসার বিপরীতে স্থানীয় সাহাবুদ্দিনের লাকড়ির দোকানে বোমা তৈরি করছিল দুর্বৃত্তরা।

এ সময় বিকট শব্দে বোমা বিস্ফোরণ হলে ওই দোকানের টিনের চালসহ আসবাবপত্র উড়ে যায়। বিস্ফোরণে বোমা-কারিগর নুর নবীর দুটি হাতই বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান।

এ সময় অপর এক যুবক আহত হন।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ, র‌্যাব, সিআইডির একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।