২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের আগুনে ১ ব্যক্তি দগ্ধ

সিরাজগঞ্জের কামারখন্দে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক প্রৌঢ় দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে গেছে তার দোতলা টিনের ঘর।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 05:16 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

অগ্নিদগ্ধ নূরুল ইসলামকে (৬০) গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামারখন্দ থানার ওসি বাবুল হোসেন সরদার জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার ভদ্রঘাট তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন নূরুল ইসলাম বলেন, "শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।"

খবর পেয়ে সিরাজগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নূরুলকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

দগ্ধ নূরুল দাবি করেন, "কয়েকদিন আগে এলাকায় কয়েক যুবক ঘুমন্ত স্বামী-স্ত্রীকে এসিড নিক্ষেপ করেছিল। ওই ঘটনার প্রতিবাদ করার কারণেই ঘরে আগুন দেওয়া হয়েছে।"

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক এমএ কুদ্দুস জানান, আগুনে নুরুল ইসলামের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ওসি বাবুল হোসেন বলেন, "খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে দুপুর পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।"