পাবনায় অপহৃত আইনজীবীসহ ২ জন উদ্ধার
পাবনায় অপহৃত আইনজীবীসহ দুই ব্যক্তিকে উদ্ধার ও অপহরণকারী অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে পাবনা জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে জানায়, সকালে বগুড়ার কাহালু উপজেলা থেকে তাদের উদ্ধার ও আটক করা হয়।
উদ্ধার হওয়া শামসুজ্জোহা জেমি (৪৫) পাবনা জজ আদালতের আইনজীবী ও ঈশ্বরদীর উপজেলার চর রূপপুরের প্রয়াত শাহাদত হোসেনের ছেলে।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আইনজীবী জেমির মোবাইল ফোন থেকে পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
মোবাইল ফোন ট্র্যাকিং করে বগুড়ার কাহালু উপজেলা থেকে শুক্রবার সকাল ১১টার দিকে জেমিকে উদ্ধারের সময় অপর ব্যক্তিটিকেও উদ্ধার করা হয়।
এ সময় গ্রেপ্তাররা হলেন কাহালুর পিলসপাড়ার মকবুল হোসেনের ছেলে রেজাউল করিম ও কাহালু গ্রামের নাজেম উদ্দিনের ছেলে ওবায়দুল হক।
উদ্ধার ইব্রাহিম শেখকে গত বুধবার বেলকুচি থেকে অপহরণ করেছিল বলে জানান পুলিশ সুপার।
