নান্দাইলে দুই ভাইকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের নান্দাইলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীরা দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ভোর ৫টার দিকে নান্দাইলের রাজাবাড়িয়া এলাকায় এ ঘটনা বলে নান্দাইল থানার ওসি সাইফুল ইসলাম জানান।
নিহত তোফাজ্জল হোসেন ও স্বপন মিয়া কখনো রিকশা চালক, কখনো দিনমজুরের কাজ করতেন। তাদের বাবার নাম শরাফত আলী।
পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীরা ভোরে তোফাজ্জলের ওপর হামলা চালায়। স্বপন তাদের বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি কোপানো হয়।
ওসি সাইফুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে তোফাজ্জল ঘটনাস্থলেই মারা যান। স্বপন মিয়ার মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে।
ময়নাতদন্তের জন্য তাদের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।
