একরাম হত্যার আসামি ‘রুটি সোহেল’ চট্টগ্রামে গ্রেপ্তার
ফেনীর ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যামামলার আসামি ‘রুটি সোহেল’ চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছেন।
গত ২০ মে ফেনী শহরে আওয়ামী লীগ নেতা একরামকে হত্যার জন্য এই সোহেলই অস্ত্র জোগান দেন বলে ইতোপূর্বে গ্রেপ্তার আসামিরা দাবি করেছেন।
র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা এএসপি সাহেদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মূল ফটক থেকে গ্রেপ্তার করা হয় ‘রুটি সোহেলকে’।
গ্রেপ্তারের পর র্যাব-৭ এর একটি দল সোহেলকে (২৫) নিয়ে ফেনীর পথে রওনা হয়েছে।
সাহেদা সুলতানা বলেন, “তাকে ফেনী নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সংবাদ সম্মেলন করা হবে। যেহেতু রুটি সোহেল সেখানকার ঘটনার মামলার আসামি, তাই তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।”
একরাম হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার আবিদুল ইসলাম র্যাবের জিজ্ঞাসাবাদে বলেন, এলাকার ‘বড় ভাই রুটি সোহেল’ তাদের অস্ত্রের জোগান দিয়ে এই হত্যাকাণ্ডে অংশ নিতে প্ররোচিত করেছিলেন।
আবিদের বক্তব্য অনুযায়ী, সোহেলই চেয়ারম্যান একরামের গাড়ি আটকায়। পরে ওই গাড়িতে হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় ইতোমধ্যে ৫৬ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। প্রধান আসামি করা হয়েছে স্থানীয় বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারকে।
