চৌহালীতে এক মঞ্চে আ. লীগ বিএনপি জামায়াত
হজ নিয়ে মন্তব্য করায় আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে এক মঞ্চে বক্তব্য দিলেন স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত নেতারা।
বৃহস্পতিবার দুপুরে চৌহালী ডিগ্রি কলেজে মাঠে এই সমাবেশে সভাপতিত্ব করেন খাসকাউলিয়া সিদ্দিকীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশরাফ আলী।
‘চৌহালী উপজেলা মুসলমানগণ’ ব্যানারে এই কর্মসূচিতে এক থেকে দেড় হাজার মানুষ অংশ নেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হযরত আলী মাস্টার সমাবেশে বলেন, “লতিফ সিদ্দিকী দলের একজন সিনিয়র নেতা হয়ে এমন কটূক্তিপূর্ণ বক্তব্য দিয়ে শুধু দলকেই খাটো করেননি, জাতিকেও বিব্রত করেছেন।
“এই নেতাকে মন্ত্রিত্ব ও দলের পদ থেকিই বাদ দিলে হবে না, আইন অনুযায়ী শাস্তিও দিতে হবে।”
উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং উপজেলা জামায়াতের আমির আব্দুল হালিম ও সেক্রেটারি রবিউল ইসলামও সমাবেশে লতিফ সিদ্দিকীর শাস্তি চেয়ে বক্তব্য দেন।
এছাড়া ইসলামী আন্দোলনের সভাপতি আতাব উদ্দিন, খেলাফত আন্দোলনের নেতা মাওলানা আব্দুল মান্নান, যুবলীগের সাধারন সম্পদাক বাবুল মোল্লা, চৌহালী ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি রবিউল মোল্লা, ছাত্র আন্দোলনের নেতা শিহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী ও কাজী রুহুল আমিন সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশের আগে এসব দলের নেতাকর্মীরা চৌহালী বেবিস্ট্যান্ড মোড়ে বিক্ষোভ মিছিলেও অংশ নেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসা আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের বিরোধী, কেননা এতে শ্রমশক্তি ও অর্থের ‘অপচয়’ হয়।
ওই বক্তব্যের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিএনপি ও কয়েকটি ইসলামী দল লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের দাবিতে আন্দোলনের হুমকি দেয়।
যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, লতিফ সিদ্দিকী আর মন্ত্রিসভায় থাকবেন না। তাকে দল থেকে বাদ দেয়ার বিষয়েও দলীয় ফোরামে আলোচনা হবে।
