মাধবপুরে আধিপত্যের সংঘর্ষে নিহত ২
এলাকার আধিপত্য নিয়ে হবিগঞ্জের মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আজমিরুজ্জামান জানান, মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলে।
নিহতরা হলেন- ওই গ্রামের রিনা বেগম (১৭) ও জালাল মিয়া (৬০)। তাদের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহতদের মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে বলে পরিদর্শক আজমিরুজ্জামান জানান।
আজমিরুজ্জামান আরো বলেন, এলাকার আধিপত্য নিয়ে বেজুড়া গ্রামের চেয়ারম্যান বাড়ির মহিবউল্লার সঙ্গে বড় বাড়ির আরজু মেম্বারের পূর্ব বিরোধ রয়েছে।
এর জেরে দুপুরে দুপক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে রিনা বেগম নিহত হন। হাসপাতালে নেয়ার পথে জালাল মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রযেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
