কুড়িগ্রামে পৃথক সংঘর্ষে নিহত ২
কথা কাটাকাটি নিয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া জমিজমা নিয়ে বিরোধের জেরে রাজারহাটে প্রতিপক্ষের হামলায় আরেকজন মারা যান।
বুধবার বেলা ১২টার দিকে উলিপুরের ধরনীবাড়ী ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামে রুপার খামার ও বাড়াইপাড়াবাসী দেশি অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত মজির উদ্দিন মজুকে (৭০) উলিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন বলেন, উলিপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। এজাহারভুক্ত চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
রাজারহাটে সংঘর্ষ
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রাজারহাটে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মহামারী গ্রামে এ ঘটনা ঘটে।
রাজারহাট থানার ওসি আব্দুর রশীদ জানান, রাজারহাট উপজেলার ঘড়য়ালডাঙ্গা ইউনিয়নের মহামারী গ্রামের দুই প্রতিবেশী মতিয়ার রহমান ও আব্দুল মালেক খালাত ভাই। বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
এই বিরোধের জের ধরে বুধবার দুপুর দেড়টার দিকে মতিয়ার রহমানের নেতৃত্বে ১৫/২০ জন দেশি অস্ত্রসস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জায়গা দখল করতে যায়।
আব্দুল মালেকসহ পরিবারের লোকজন তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে।
প্রতিপক্ষের আঘাতে মহামারী গ্রামের মৃত বজল উদ্দিনের ছেলে আব্দুল মালেক ঘটনাস্থলেই মারা যান।
আহত হন সাজেদা বেগম (২৮), আলম মিয়া (৩২), হাসেন আলী (৩৩) ও রওশন আলী (২২)।
রাজারহাট থানা পুলিশ দুপুর আড়াইটার দিকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনে এবং আহতদের রাজারহাট হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে নিহতের জামাতা শহীদুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন।
এ মামলার আসামি মতিয়ার রহমান (৪৫), বিপুল (২২), রোবেলা (১৯) ও বেবী আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হবে জানান।
