২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কারাভোগের পর ফিরল ১৪ শিশু-কিশোর

অনুপ্রবেশের দায়ে ভারতের কারাগারে তিন বছর কাটানোর পর দেশে ফিরেছে ১৪ শিশু-কিশোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 01:24 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) বেনাপোল সীমান্তে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধভাবে এই শিশু-কিশোরদের ভারতে পাচার করে।

এরা হলেন- যশোরের বাঘারপাড়া থানার বাল্লামুখ গ্রামের আব্দুল জলিলের ছেলে সম্রাট, আকরাম মোল্যার ছেলে রাজু মোল্যা, ঝিকরগাছার ঢাকাপাড়া গ্রামের রবিন মোল্যার ছেলে রনি মোল্যা,বেনাপোল কাগমারী গ্রামের মোমিন গাজির ছেলে আমিনুর গাজি, বড়আচঁড়া গ্রামের আলী বকসের ছেলে হায়দার আলী, খুলনার বালিয়াঘাটা থানার ঝাড়ভাঙ্গা গ্রামের সমীরণ ঢালীর ছেলে চিন্ময় ঢালী, সাতক্ষীরার কালিগঞ্জ থানার মোরগগাছা গ্রামের আবুল মালেকের ছেলে নুরুজ্জামান, একই গ্রামের আসিফ গাজীর ছেলে হাসান গাজী, দায়া গ্রামের নূর ইসলাম সরদারের ছেলে সুমন সরদার, নলতা গ্রামের নুরুজ্জামানের ছেলে নয়ন হোসেন, পদ্ম সাতক্ষীরা গ্রামের হাসান সরদারের ছেলে আলামিন সরদার, বাগেরহাটের মোল্লারহাট থানার চেয়ারম্যান বাজার গ্রামের নুরুল হকের ছেলে আবুল হোসেন, মোড়লগঞ্জ থানার বারোপারি গ্রামের দুলাল হাওলাদারের ছেলে ইউছুফ হাওলাদার ও জাহাঙ্গীর আলমের ছেলে জাকারিয়া হাওলাদার।

ওসি আখতার বলেন, “ভারতে গিয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে ধরা পড়েছিল এই ১৪ জন। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের তিন বছর করে কারাদণ্ড দেয়।

“সাজাভোগের পর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছে।”

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক শরীফ হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে ১৪ শিশু-কিশোরকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন বলেন, এই শিশু-কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের যশোরে একটি আশ্রয় কেন্দ্রে রাখা হবে। পরবর্তীতে অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হবে।