কারাগারে ভাইকে গাঁজা দিতে গিয়ে গ্রেপ্তার
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে মৃত্যুদণ্ডে দণ্ডিত বড় ভাইকে খাবারের সঙ্গে গোপনে গাঁজা দেওয়ার চেষ্টা করায় গ্রেপ্তার হয়েছেন এক যুবক।
ফাইল ছবি
মঙ্গলবার আটক মো. সোহেল রানা সোহেল (২০) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নয়াগাঁও এলাকার সাত্তার ভুঁইয়ার ছেলে।
হাইসিকিউরিটি কারাগারের সুপার মো. মিজানুর রহমান জানান, সাত্তার ভুঁইয়ার ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শামিম এ কারাগারে বন্দি রয়েছেন।
তার ছোট ভাই সোহেল বিকাল সাড়ে ৩টার দিকে কারা ক্যান্টিনে রান্না করা অন্যান্য খাবারের সঙ্গে বেনসন সিগারেটের দুটি প্যাকেট কারাগারের ভেতরে পাঠানোর জন্য কারারক্ষীদের অনুরোধ করেছিলেন।
কারাগারের ভেতরে সিগারেট পাঠানোর অনুমতি না থাকায় রক্ষীরা অপারাগতা প্রকাশ করেন।
কিন্তু সোহেল সিগারেটের ওই দুইটি প্যাকেট ভেতরের পাঠানোর জন্য বার বার অনুরোধ করায় তাদের সন্দেহ হয় এবং প্যাকেট খুলে তারা আড়াইশ গ্রামের মতো গাঁজা পান।
পরে কারা কর্তৃপক্ষ তাকে আটক করে জয়দেবপুর থানার কোনাবাড়ি ফাঁড়ি পুলিশে হস্তান্তর করে।
জয়দেবপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় মঙ্গলবার রাত ৮টার দিকে কোনাবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ মো. আজহারুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।
